প্রকাশিত: Sun, Mar 5, 2023 10:24 AM
আপডেট: Fri, Sep 11, 2026 5:47 AM

সুন্নি, কাদিয়ানি বা শিয়া এবং প্রকৃত মুসলামনদের কথা

জাকির তালুকদার : আমরা (সুন্নিরা) কাদিয়ানি বা শিয়াদের অমুসলিম বলি। তারাও হয়তো আমাদের অমুসলিম ভাবে। তবে বাংলাদেশে তারা প্রকাশ্যে সুন্নিদের অমুসলিম বলেছেন, এমনটা শুনিনি। আমরা নানা ব্যানারে সারাবছর জালসা করি, ওয়াজ করি, সুন্নিদৃষ্টিতে ইসলামী বই লিখি, পত্রিকা প্রকাশ করি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা তাদের সভা-সমাবেশ করেন। মনে যাই থাকুক, আমরা সেগুলোকে বাধা দিই না। সেই একই কাজ আমরা কাদিয়ানিদের করতে দেব না কেন? 

যেকোনো যুক্তিশীল মানুষ এই বক্তব্যের সঙ্গে একমত হবেন। কিন্তু সমস্যা তৈরি করে ইসলামের নামে রাজনীতি করা গোষ্ঠী। ইসলাম সম্পর্কে অজ্ঞতার কারণে সাধারণ জনগোষ্ঠী এদের ধোকায় পড়ে যায়। আমাদের তথাকথিত ধর্মীয় দলের নেতাদের যে গোপন লক্ষ্য এবং উদ্দেশ্য আছে, তা বোঝার ক্ষমতা সাধারণ মানুষের নেই। ইনারা যতটা ধর্মীয়, তারচেয়ে বেশি রাজনৈতিক। এদের রাজনীতি ধ্বংসাত্মক। প্রকৃত মুসলমান নিজের কথা বলবেন, অন্যকে তার কথা বলতে দেবেন। মানুষ সব পক্ষের কথা শুনে সিদ্ধান্ত নেবে সে কোনটিকে কোনভাবে গ্রহণ করবে।

 লেখক: কথাসাহিত্যিক